মিঠুনের রোড শো ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা , চপারে কিছুক্ষন আটকে থাকতে হল মহাগুরুকে
দি নিউজ লায়নঃ মিঠুনের রোড শো কে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল বাঁকুড়ার শালতোড়া এলাকার মানুষ । একে তো দেরিতে চপার পৌঁছানোয় প্রবল গরমে রীতিমত নাভিশ্বাস উঠল মানুষের তার উপর রোড শো কে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় যারা ,মিঠুনকে দেখতে রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন তাঁরা অনেকেই মিঠুনকে না দেখেই হতাশ হয়ে বাড়ি মুখো হলেন । এদিন ঠিক ছিল সকাল ন’টা চল্লিশ মিনিটে শালতোড়া নেতাজী সেন্টেনারি কলেজ গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডে নামবে মিঠুনের চপার ।
কিন্তু চপার এসে নামে দশ’টা কুড়ি নাগাদ । মিঠুনের চপার মাটি ছুঁতেই হেলিপ্যাডে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা ছুটে হেলিকপ্টারের সামনে চলে যান । আর তাতেই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় । পরিস্থিতি এমন দাঁড়ায় যে চপারের দরজা খোলার পরেও প্রায় দশ মিনিট চপারের মধ্যেই আটকে থাকতে হয় মিঠুন চক্রবর্তীকে । পরে মিঠুনের নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি করে কোনোমতে মিঠুনকে চপার থেকে নামিয়ে আনেন । মিঠুনকে চপার থেকে নামিয়ে কোনোমতে ভিড় ঠেলে তোলা হয় বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের গাড়িতে ।
সেখান থেকে কোনোক্রমে হেলিপ্যাডের বাইরে এনে মিঠুন চক্রবর্তীকে তোলা হয় হুড খোলা গাড়িতে । বিজেপির তরফে আগে ঘোষণা করা হয়েছিল হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মিঠুন চক্রবর্তী সোজা চলে আসবেন শালতোড়া লেদ মোড়ে । সেখান থেকে শুরু হয়ে রোড শো শেষ হবে বিডিও অফিস সংলগ্ন এলাকায় । কিন্তু এদিন বাস্তবে দেখা যায় মিঠুন চক্রবর্তী চপার থেকে নামার পর হেলিপ্যাড গ্রাউন্ড থেকেই শুরু হয়ে যায় রোড শো । এরপর কোনোক্রমে রোড শো যায় লেদা পলাশ মোড়ে । সেখানেই শেষ হয় রোড শো । পূর্ব ঘোষিত রুটে মিঠুনকে দেখতে পাওয়ার আশায় যে মানুষেরা রাস্তার দুদিকে ভিড় জমিয়েছিলেন এদিন শেষ মুহুর্তে রুট বদল হওয়ায় তাঁরা মিঠুনকে দেখতে না পেয়ে হতাশ ।

Post a Comment